দেয়ালে দেয়ালে কত কথা লেখা হয়েছে কালে কালে
লেখাগুলো কখনো কখনো শব্দ হয়ে কথা বলতো
কখনো কখনো জাগাতো ঝড় বুকে।
দেয়ালে দেয়ালে কালে কালে কত কথা লেখা হয়েছে
লেখাগুলোয় কখনো ইতিহাসের কথা হয়েছে স্পষ্ট
কখনো কথাগুলো হয়ে উঠেছে বর্তমান অনতিক্রম্য।
লাল কালির লেখায় কত কাব্যগাথা দেয়ালে ফুটে উঠেছিল
মাটি ও মানুষের কথা পঙক্তিমালায় প্রতিধ্বনিত হয়েছিল।
ঋষি– মুনিঋষি জ্ঞানি–গুণীর উদ্ধৃতি দেয়ালে
আশ্বস্ত করেছিল লোকালয় জনপদের লোকেদের।
দেয়ালে দেয়ালে কালে কালে আঁকা হয়েছে কত ছবি
সযত্নে ঝুলিয়ে রাখা ফ্রেমে বাঁধা পূর্ব পুরুষদের ছবির মতো
আজো যা স্বজন প্রিয়জনের চোখে জ্বলজ্বল করে ভাসে।
ছবিগুলো কখনো কখনো ভয়ঙ্কর মিছিল হয়ে উঠেছিল
কখনো হয়েছে প্রবল তাণ্ডব ঝড়ের মত উচ্ছৃঙ্খল
কিংবা কখনো কখনো হয়েছিল প্রতিবাদমুখর স্ফুলিঙ্গ।
ছবিগুলো কোনটা ছিল পূর্ণিমার চাঁদের মত আলোময়
আবার কোনটা ছিল মধ্য দুপুরের তপ্ত সূর্যের মত প্রখর।
মহাসড়কের সময়ের ঘড়ি নিয়ে পথিক
বারবার শুধু দেখে লেখাগুলো এবং সব ছবি দেয়ালের।
সমস্ত শক্তি দিয়ে চোখগুলো প্রশস্ত করে দেখে পথিক
বেলাশেষের সন্ধ্যার ম্লান আলোর মত ঝাঁপসা ধোয়াঁশা লাগে
একদিন যে লেখা আর ছবিগুলো
আকাশের উজ্জ্বল তারার মত জ্বলজ্বল জ্বলছিল।
পথিকের আশা লেখাগুলো একদিন পাবে ভাষা
দেয়ালের সব ছবিগুলো লেখাগুলো একদিন হবে সত্য
হবে জীবন্ত আবার সদ্য ফোটা ফুলের মত
পূর্ণ চাঁদের মত হাসবে, একদিন সময় হার মানবে নিশ্চিত
ছবিগুলো লেখাগুলো হৃদয়ে বসতি গড়বে
কেটে যাবে পথিকের সব দুঃস্বপ্ন।








