সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ–পাকিস্তান হাই–ভোল্টেজ ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের প্রস্তুতি ও প্রতিপক্ষ নিয়ে কথা বলেছেন পাকিস্তান দলের অধিনায়ক ও গোলরক্ষক ইউসুফ বাট। বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে সমীহ করলেও তাকে নিয়ে কোনো বাড়তি মাথাব্যথা নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে উড়িয়ে দেওয়ার দিনে ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করে দারুণ ছন্দে থাকার প্রমাণ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেড তারকা হামজা চৌধুরী। তবে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে প্রশ্নের জবাবে ইউসুফ বাট বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে ঠিকই, তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদদের মতো মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে নয়, বরং দল হিসেবে মাঠে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’ বাংলাদেশ–পাকিস্তান দ্বৈরথ সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। ২০১৮ সালের সাফে এই ভেন্যুতেই তপু বর্মণের একমাত্র গোলে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেদিনের হারের পেছনে বাংলাদেশের ভাগ্য সহায়ক ছিল বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক।












