নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। গতকাল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’তে তিনি এই নির্দেশনা দেন।
ওপেন হাউজ ডে–তে অংশগ্রহণকারী সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পেয়ে পুলিশ কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ওপেন হাউজ ডে–তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–পশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপ–পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ–পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন, উপ–পুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস; উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–বন্দর) কবীর আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম, মো. আলমগীর হোসেন, উপ–পুলিশ কমিশনার (পশ্চিম) প্রমুখ।












