উখিয়ায় ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উখিয়ার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পুলিশ কর্মকর্তার নাম রুবেল হোসেন (৩১)। তিনি কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীন ইরানি পাহাড় ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। খবর বাংলানিউজের।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে ক্যাম্পে অনুষ্ঠিত রোলকলে অনুপস্থিত ছিলেন এএসআই রুবেল। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

পরে শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে যাওয়ার জন্য সেখানে যান। এ সময় তিনি দেখতে পান, ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তিনি মারা গেছেন। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মোবাইলফোন, গোসলের তোয়ালে, টর্চ লাইট ও সিগারেট জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোকজনিত কারণে এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী আইনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচবিতে দুই অর্থবছরের ৯৯৩ কোটি টাকার বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন দ্বীপ নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা রয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী