বিএনপিকে আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে

জুলাই গণঅভ্যুত্থান দিবসের সভায় গিয়াস কাদের এমপি

রাউজান প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে দেশিবিদেশি নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের আগামীতে আরো একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এই যুদ্ধ হতে পারে ভারতীয় আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে, যারা এদেশে আবারো একটি পুতুল সরকার বসিয়ে আধিপত্যবাদ কায়েম করতে নানামুখী চক্রান্তে লিপ্ত।

ইউপি নির্বাচন টেনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই নির্বাচনকে সামনে রেখে অনেকেই সরব হয়েছে প্রার্থী হওয়ার আশায়। কেউ কেউ স্বৈরাচারের দোসরদের কাছে টানার চেষ্টা করছে। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনোভাবে চাঁদাবাজ, মাদকসেবীদের জনপ্রতিনিধি করা যাবে না। সৎ যোগ্যদের পক্ষেই সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।

গতকাল বিকালে জুলাই অভ্যুত্থান দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সৈয়দ মঞ্জুরুল হক। জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা এম,এ হালিম, আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ছালামত আলী, ফয়জুল করিম চৌধুরী টিপু, ফিরোজ আহমদ, হাবিবুল্লাহ মাস্টার, মোহাম্মদ মেসলেহ উদ্দিন, আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের শাহজাহান শাকিল, ছোটন আজম, স্বেচ্ছাসেবক দলের ইউছুপ তালুকদার, মোহাম্মদ আলী সুমন, আবু বক্কর চৌধুরী, মহিউদ্দিন জীবন, লিটন মহাজন, মোমিনুল হক, একরাম মিয়া, আবদুল মান্নান, জুলাই যোদ্ধা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নতুন কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধযোগ্য প্রকৌশলীদের নেতৃত্বে চট্টগ্রামের উন্নয়ন এগিয়ে যাবে : মেয়র শাহাদাত