ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ সেনা নিহত

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৪৯ পূর্বাহ্ণ

ইয়েমেনে ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫৮ জন সরকারি সেনা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবারের এ হামলা দেশটির চার বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে একটি সামরিক সূত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র। যুক্তরাষ্ট্রইসরাইল ও ইরানের চলমান যুদ্ধের প্রভাব ক্রমেই ইয়েমেনে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে হুথিরা একদিকে ইয়েমেনি বাহিনীর ওপর, অন্যদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের ওপরও হামলা বাড়িয়েছে। খবর বাসসের। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরবের সমর্থনে সরকারি বাহিনী সামরিক শক্তি বাড়ানোর চেষ্টা করছে এমন অভিযোগের জবাবে বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র জানায়, এসব হামলায় অন্তত ৫৮ জন সরকারি সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এর আগে চিকিৎসা সূত্রগুলো ৩৮ জন নিহতের তথ্য দিয়েছিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রইসরাইল ও ইরানের সংঘাতের জেরে ইয়েমেন এখন নতুন একটি সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সেনা শিবিরে চালানো এ হামলা ২০২২ সালের পর ইয়েমেনে সবচেয়ে ভয়াবহ হামলা।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের ক্ষতির দায়ে যুক্তরাষ্ট্রে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জ থেকে ১৯ মামলার আসামি গ্রেপ্তার