চবির ৩৬তম সিনেট সভা আজ, নেই ছাত্র প্রতিনিধি

চবি প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন থেকে শুরু করে আইন প্রণয়ন ও সংশোধনসহ সব ধরনের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রয়েছে সিনেটের। বিশ্ববিদ্যালয় আইনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের বিধান থাকলেও নির্বাচন না হওয়ায় এবারও সিনেটে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে না। এ জন্য আজ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৬তম বার্ষিক সিনেট সভায় থাকছে না কোনো ছাত্র প্রতিনিধি। ফলে বিশ্ববিদ্যালয়ের বাজেট পাস, বার্ষিক প্রতিবেদন অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের আইন প্রণয়ন বা সংশোধনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মতামত সরাসরি উপস্থাপনের সুযোগ থাকছে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম বার্ষিক সিনেট সভা আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ড. .আর. মল্লিক ভবনের সিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। গত বছরের ১৫ অক্টোবর চাকসু নির্বাচনেও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে নির্বাচিত চাকসু প্রতিনিধিরা এবারের সিনেট সভায় সদস্য হিসেবে অংশ নিতে পারছেন না। তবে তাদের পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচন হলেও আমাদের সিনেট সদস্য হিসেবে নির্বাচিত করা হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি সিনেট নির্বাচনও হয়। কিন্তু তৎকালীন প্রশাসন রাজনৈতিক বা অন্য কোনো বিবেচনায় তা আয়োজন করেনি। পরে চাকসুর কার্যনির্বাহী সভায় বিষয়টি বারবার উত্থাপন করলেও আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, অর্ডিন্যান্স অনুযায়ী সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে। কিন্তু এটি কখনোই বাস্তবায়ন হয়নি। চাকসু নির্বাচনের পর আমরা সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের দাবি জানিয়েছিলাম। তৎকালীন প্রশাসন আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নির্বাচন আয়োজন করেনি। বর্তমান উপাচার্যের কাছেও আমরা একই দাবি জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলফোরকান বলেন, চাকসু নির্বাচনের সময়ই সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আয়োজনের সুযোগ ছিল। কিন্তু বিগত প্রশাসন তা করেনি। ফলে এবার ছাত্র প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত থাকবেন। সিনেটের যেসব ক্যাটাগরিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে, আমরা সেগুলোর নির্বাচন আয়োজন করব।

পূর্ববর্তী নিবন্ধরাতে গানের আসর মাতালেন,সকালে সড়কে ঝরল প্রাণ
পরবর্তী নিবন্ধভিডিও ধারণের ভিড়ে বাদশার ডাক, নেছারুলের সাড়া