রাতে গানের আসর মাতালেন,সকালে সড়কে ঝরল প্রাণ

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯, বগুড়ায় বাসচাপায় মারা গেলেন ৭ শ্রমিক

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন। গতকাল শুক্রবার সকাল ৭টায় উপজেলার ঢাকাসিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন।

এদিকে বগুড়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একদল শ্রমিককে চাপা দিয়েছে। তাতে ৭ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১৪ জন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ানওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিডিনিউজের।

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকাসিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে যে ৯ জন নিহত হয়েছেন তার মধ্যে রয়েছেন পেহেলি ভৈরবী নামে একজন বাউলশিল্পী। সিলেটের বিশ্বনাথ উপজেলার হয়রত ছাবাল শাহর (রহ.) মাজারে বাবার সঙ্গে এসে গান গেয়েছিলেন শিল্পী পেহেলি ভৈরবী। তার গান দর্শকরা মুগ্ধ হয়ে শোনেছেন। দর্শকদের সেই ভালোবাসার রেশ নিয়েই শুক্রবার সকালে বাবার সঙ্গে বাসে করে ফিরছিলেন কিশোরগঞ্জের ভৈরবের গ্রামের বাড়িতে। কিন্তু বাড়ি ফেরা হয়নি পেহেলি ভৈরবীর। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তার মৃত্যু গানের আসরের অনেক শ্রোতাকে শোকাহত করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পেহেলী ভৈরবীকে স্মরণ করে তার গানের প্রশংসা করেছেন। পেহেলী ভৈরবীকে যারা চেনেন, তারাও তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না। ১৭ বছর বয়সী পেহেলি ভৈরবী ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে। গানের অনুষ্ঠানে থাকা বিশ্বনাথের বাসিন্দা আবুল হোসেন বলেন, আমি গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তার বেশ কিছু ভিডিও ধারণ করেছি এবং লাইভও দিয়েছি। আমরা জানি, তার বাড়ি ভৈরবে। এর আগেও তিনি এ মাজারে এসে গান গেয়েছেন। সকালে শুনি তিনি মারা গেছেন। খুব খারাপ লাগছে শিল্পীর জন্য।

হয়রত ছাবাল শাহ (রহ.) মাজারের শৃঙ্খলার দায়িত্বে থাকা সোহল আহমদ বলেন, প্রতিমাসে এক দিন মাজারে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল শেষে দূরদূরান্ত থেকে আসা লোকজনের জন্য গানের আয়োজন থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই মেয়েটা এসেছিল গান গাওয়ার জন্য। মেয়েটার সঙ্গে তার বাবাও ছিলেন। তিনি বলেন, মাজারে গান গাওয়ার শিল্পী আনানেওয়ার বিষয়টি দেখেন জাহাঙ্গীর মিয়া। বৃহস্পতিবার গানে আসা সব শিল্পী এক গাড়িতে করে এসেছিলেন। তারা ভোরের দিকে গাড়ি নিয়ে সিলেটে চলে যান। পরে শুনেছি মেয়েটা মারা গেছে সড়ক দুর্ঘটনায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১৭ শিশুর হাম শনাক্ত
পরবর্তী নিবন্ধচবির ৩৬তম সিনেট সভা আজ, নেই ছাত্র প্রতিনিধি