কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল সাড়ে ১৬ হাজার ইয়াবা

মইজ্জ্যারটেকে দম্পতিসহ গ্রেপ্তার ৩

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা এলাকার মো. ফারুক (৩২), তার স্ত্রী ছকিনা আক্তার সুমি (৩৯) এবং ফারুকের শ্যালিকা রিনা আক্তার (৩০)

কর্ণফুলী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিন যাত্রীর ট্রলি ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধবছর ঘুরে এলে