অস্তিত্বহীন ৪ ব্যক্তির নামে জন্মনিবন্ধন, সাবেক ইউপি সচিবের ৩ বছরের কারাদণ্ড

পেকুয়ার মগনামা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

ভুয়া ও অস্তিত্বহীন ব্যক্তির নামে জন্মনিবন্ধন সনদ ইস্যুর দায়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মোহাম্মদ নুরুল আলমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

দুদক পিপি মোকাররম হোসাইন আজাদীকে বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ঘোষিত রায়ে মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক। তারা হলেন মগনামা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম এবং পেকুয়া উপজেলার তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সৌভ্রাত দাশ।

আদালতসূত্র জানায়, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের তৎকালীন সচিব মোহাম্মদ নূরুল আলম ক্ষমতার অপব্যবহার করে চারজন ভুয়া ও অস্তিত্বহীন ব্যক্তির নামে জন্মনিবন্ধন সনদ ইস্যু করেন। তিনি নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ছৈয়দ আহমদ, মো. ইউনুছ, শামসুন্নাহার ও রহিম উল্লাহ নামে চারজনের জন্মনিবন্ধন তৈরি করেন, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব ছিল না। এসব জন্মনিবন্ধন ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হলে বিচারক তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীতে ব্যাপক প্রস্তুতি
পরবর্তী নিবন্ধদুপুরে লিখলেন ‘আজ অসম্ভব সুন্দর’, বিকেলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু