বর্তমানে চট্টগ্রামে ডেঙ্গু রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এডিস মশার বিস্তারের কারণে প্রতিদিন নতুন নতুন মানুষ আক্রান্ত হচ্ছেন। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ১ লা আগস্ট দৈনিক আজাদীর রিপোর্টে প্রকাশ ‘ডেঙ্গুতে ৬ মাসে জুলাইয়ে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু’ এবং ‘চট্টগ্রামে আরো ১৫ জন আক্রান্ত।’ যা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি অপসারণ, নালা–নর্দমা পরিষ্কার রাখা, জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইফতেখার রেজভী
শিক্ষার্থী, ৪র্থ বর্ষ
চট্টগ্রাম মেডিকেল কলেজ।












