বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের রোবটটি দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন সহায়তার আশ্বাস

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবট প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে তথ্য দিয়েছেন তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার জন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তাদের সাথে কুশল বিনিময় করেছেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন, তাদের এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একইসাথে তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’ খবর বিডিনিউজের।

মেরিন অ্যাডভান্সড টেকনোলজি এডুকেশন আয়োজিত আন্তর্জাতিক আন্ডার ওয়াটার রোবট প্রতিযোগিতা২০২৬ এর পাইওনিয়ার ক্লাসে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ‘MIST MAVIROV’। গত ২৩২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের ১৮ দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের ‘MIST MAVIROV’ চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় হয়েছে কানাডা। উপ প্রেস সচিব বলেন, ‘এমআইএসটির প্রতিনিধি দলটি তাদের উদ্ভাবন করা আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করে। রোবটের নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খুঁটিনাটি বিষয় প্রধানমন্ত্রী জানতে চান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই কাজ করার এবং নিজেদের উদ্যোগে নতুন কিছু করার আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে বলেন।

রোবটটির আরও প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যৎ অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এমআইএসটি যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে চায়, তাহলে সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

সরকারপ্রধান বলেন, ‘তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসের মতো নতুন রপ্তানি খাত গড়ে তুলে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে অবদান রাখতে হবে।’

এমআইএসটির দলটি ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধহুতিদের ঠেকাতে সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় : পররাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধআমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক