১৫ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

চলতি বছরের শেষ ছয় মাসে সোয়া ১৫ লাখ টন পরিশোধিত জ্বলানি তেল কেনায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। জিটুজি পদ্ধতিতে পাঁচ দেশের ছয়টি কোম্পানি এই তেল সরবরাহ করবে। গতকাল বুধবার মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয় বলেছে, জ্বালানি তেলের মান হবে ‘প্রিমিয়াম’ এবং সেই অনুযায়ী ‘পরিমাণ’ নিশ্চিত করা হবে। ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৮৮ কোটি টাকা। আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, থাইল্যান্ডের ওকিউটি এবং ইন্দোনেশিয়ার বিএসপি এসব তেল সরবরাহ করবে। এর আগে প্রথম ছয় মাসে বিদেশি এসব কোম্পানির কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। তখন ব্যয় ধরা হয় ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা। সেবার সরবরাহকারী এসব কোম্পানির সঙ্গে মালয়েশিয়ার পিটিএলসিএলও যুক্ত ছিল। পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে গ্যাস অয়েল, জেট এ, গ্যাসোলিন, ফার্নেস অয়েল ও মেরিন ফুয়েল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআষাঢ়ী পূর্ণিমা পালিত
পরবর্তী নিবন্ধনাট্যকার জাহেদুল আলমের মায়ের ইন্তেকাল