সিএনজি টেক্সিতে চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে : যাত্রীদের অভিযোগ

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:০৩ পূর্বাহ্ণ

লিচুবাগান থেকে কাপ্তাই নতুন বাজার পর্যন্ত সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সর্বস্তরের সাধারণ মানুষ কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কিন্নরী’ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের

সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হারুনুর রশীদ প্রমুখ। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ লিচুবাগান থেকে কাপ্তাই নতুন বাজার পর্যন্ত সিএনজির অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে সৃষ্ট অসন্তোষ তুলে ধরে এর প্রতিকার প্রত্যাশা করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান। তিনি সকলের সাথে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ভাড়ার তালিকা প্রস্তুত করা হবে বলেও জানান। একই সভায় কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক পাচার ও সেবন রোধে কঠোর নজরদারি জোরদার করা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলিটনদের চোট সমস্যায় তোপের মুখে বিসিবির মেডিকেল বিভাগ
পরবর্তী নিবন্ধহালদা থেকে ৬ হাজার ৩শ মিটার অবৈধ জাল জব্দ