নগরে গতকাল বুধবার প্রায় পুরো দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সন্ধ্যার আগে বাড়ে বৃষ্টির গতি। এতে ভোগান্তি হয়েছে পথচারীদের। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, পুরো চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, নগরে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিত চৌধুরী আজাদীকে জানান, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের ভারী বর্ষণ এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের কারণে মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় ও বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।












