চট্টগ্রাম ১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরীকে ২য় নামাজে জানাজা শেষে চন্দনাইশের কাঞ্চনাবাদস্থ পারিবারিক কবরস্থানে মা–বাবার পাশে দাফন করা হয়েছে। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার রাত ১০টায় নগরের বিভারলি হিল সোসাইটিতে তার বাসভবনের সামনে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী গত সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।










