হাটহাজারীতে দর্জি হত্যায় বড় ভাইসহ গ্রেপ্তার ২

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে দর্জিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার বড় ভাই আলী আকবর (৫৫) এবং মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি পুলিশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন এবং বাকলিয়া এলাকা থেকে এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী আকবর মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খলিফাপাড়ার নুরুল ইসলামের পুত্র, তিনি নিহত আজমের আপন বড় ভাই এবং মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল একই এলাকার সিকদার বাড়ির মৃত লাল মিয়া তালুকদারের পুত্র। জানা যায়, গত শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খলিফাপাড়ার নুরুল ইসলামের নুরুল আজিম প্রকাশ আজম (৪০) তার বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে দুই ব্যক্তির সাথে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত আজমের স্ত্রী রাজু আকতার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি মো. দিদারুল আলম (৪৫)। অপর তিন আসামি হলেন মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০), মো. আলী আকবর (৫৫) এবং সাইফ (২০)

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১৬ বছর পর বিশ্বকাপের সেমিতে স্পেন, সামনে এমবাপ্পের ফ্রান্স
পরবর্তী নিবন্ধত্রাণ নিয়ে পিআইওর কার্যালয়ে ‘হট্টগোল’, বাঘাইছড়ি বিএনপি সভাপতির বিরুদ্ধে জিডি