নিজেদের স্বাভাবিক দাপট বজায় রেখেই কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২–১ গোলে হারাল স্পেন। আর তাতেই ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল তারা। আরও এক বার দেশকে জেতালেন ‘সুপার সাব’ খ্যাত মিকেল মেরিনো। যোগ করা সময়ে গোল করে দলকে জেতালেন তিনি। অবশ্য দোষ প্রাপ্য বেলজিয়ামের গোলকিপার সেন লেমেন্সের। বিকল্প গোলকিপার হিসাবে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেছিলেন। প্রথম ম্যাচটিই দুঃস্বপ্ন হয়ে রইল তার কাছে। স্পেন জেতায় বিশ্বকাপের সেমিফাইনালেই দেখা হচ্ছে ফ্রান্সের সাথে।
ফ্রান্স এবং স্পেন দুই দেশই যে এ বার বিশ্বকাপ জয়ের দাবিদার, তা প্রতিযোগিতা শুরুর আগে থেকেই বলছিলেন বিশেষজ্ঞেরা। তবে ইউরোপের দুই শক্তিধর দেশের দেখা ফাইনালে নয়, হচ্ছে সেমিফাইনালেই। আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে শুরু হবে এ হাইভোল্টেজ ম্যাচ।
‘সুপার সাব’ মেরিনোর সফল যাত্রা অব্যাহত আছে। একের পর এক ম্যাচে স্পেনকে বাঁচিয়ে যাচ্ছেন মিকেল মেরিনো। তিনি বদলী হিসাবে নামলে স্পেনের গোল যেন বাঁধা। গত ম্যাচে মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করেন তিনি। পর্তুগালের বিরুদ্ধেও যোগ করা সময়ে মেরিনোর গোলেই জিতেছিল স্পেন। কোয়ার্টার ফাইনালেও একই ব্যাপার দেখা গেল। এবারও তার গোল এল যোগ করা সময়ে। প্রায় গোটা ম্যাচ খেলেও এদিন কিছুই করতে পারেননি মিকেল ওয়ারজাবাল। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে মেরিনোকে নামান স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। নামার দু’মিনিটের মধ্যে গোল করেন মেরিনো। সেই গোলে বিপক্ষ গোলকিপারের দোষ থাকলেও, সঠিক সময়ে সঠিক জায়গায় থেকে গোল করার জন্য মেরিনোরও প্রশংসা প্রাপ্য।












