বোলারদের পর দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৮৪ বল বাকী থাকতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে যথাক্রমে ২৫ ও ১৩ রানে হেরেছিল টাইগাররা। শেষ ম্যাচ হারলেও, ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজও ২–১ ব্যবধানে জিতেছিল তারা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার শরিফুল। ২টি করে উইকেট নেন তাসকিন ও তানভির। ১ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ২৮তম ওভারে দলীয় ১৫১ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গা। ৬টি চার ও ২টি ছক্কায় ৮২ বলে ৬৯ রান করে চিভাঙ্গার বলে বোল্ড হন সৌম্য। সৌম্য ফেরার পর দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৪৬ রানের জুটিতে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন তানজিদ ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু জয় থেকে ৩ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তানজিদ। জিম্বাবুয়ের পেসার আর্নেস্ট মাসুকুর শিকার হওয়ার আগে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে ৯৪ রান করেন তিনি। চার নম্বরে নেমে রানের খাতা খোলার আগেই মাসুকুর দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। এরপর বাকী ৩ রান তুলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শান্ত ও নুরুল হাসান। আগামী ১৫ জুলাই থেকে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ–জিম্বাবুয়ে।












