আইআইইউসিতে আইসিটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ডাটা সেন্টার ও নেটওয়ার্ক আধুনিকায়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের উদ্যোগে গতকাল সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য ও আইটি ডিভিশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী।

অনুষ্ঠানে ডাটা সেন্টার ও নেটওয়ার্ক আপগ্রেডেশন প্রকল্প ফেজ১ ও ফেজএর অগ্রগতি তুলে ধরা হয়। প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ডাটা সেন্টার ও নেটওয়ার্ক ব্যাকবোনের সক্ষমতা ১ জিবিপিএস থেকে ১০ জিবিপিএসে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে ডাটা সেন্টার ও নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার, ক্যাম্পাসজুড়ে ওয়াইফাই সেবার মানোন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এসব উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবার পরিধি ও কার্যকারিতা আরও বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে ইনফরমেশন টেকনোলজি ডিভিশন, হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী বলেন, আধুনিক আইসিটি অবকাঠামো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাটা সেন্টার ও নেটওয়ার্কের এ আধুনিকায়নের মাধ্যমে আইআইইউসির ডিজিটাল সেবার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, আইটিডির ভারপ্রাপ্ত পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ফয়সাল আহমেদ, সিনিয়র আইটি অফিসার মোহাম্মদ জাফরুল হক, সিনিয়র সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার আকরামুল হক, সহকারী সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রিয়াজউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার মো. মাহী উদ্দিন, হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড ও গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাকিব হাসানের চিকিৎসা সহায়তায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা