রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা, মাদক, অস্ত্র ও যৌতুক মামলাসহ মোট ৪টি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার এসএম শফিকুল ইসলাম ওরফে রাসেল (৪০) রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের পূর্ব খিল মোগল নজুর পাড়ার মৃত মো. বদরুজ মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্টাফ কোয়ার্টার এলাকায় বসবাস করতেন।
পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করার পর গতকাল ৬ জুলাই আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোট ৪টি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। এছাড়াও প্রাথমিক অনুসন্ধানে দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও ৭টি গুরুতর মামলার রেকর্ড পাওয়া গেছে। মামলাগুলো হলো, পাঁচলাইশ মডেল থানায় ২০১৩ সালের একটি অস্ত্র আইনের মামলা, ২০২২ সালের চুরি ও অনধিকার প্রবেশের মামলা, ২০২৩ সালের মারামারি ও হত্যাচেষ্টা মামলা, ২০২৪ সালের চুরি ও চোরাই মাল রাখার মামলা এবং ২০২৫ সালের ডাকাতির প্রস্তুতির মামলা, রাঙ্গামাটি সদর থানায় ২০২৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, পাঁচলাইশ মডেল থানায় (সিএমপি) ২০২৩ সালের অপর একটি মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জহির উদ্দিন জানান, অপরাধ দমনে ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












