চট্টগ্রামের চার উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের

প্রধানমন্ত্রীর সাথে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরে ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন সংকট ও যানজটের চাপ কমাতে নগরসংলগ্ন হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

গত রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, বিদ্যমান মাস্টারপ্ল্যান অনুযায়ী চার উপজেলায় আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তোলা গেলে চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণের পথ আরও সুগম হবে।

তিনি জানান, স্যাটেলাইট শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে আবাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা বিকেন্দ্রীকরণ সম্ভব হবে। এর ফলে নগরের কেন্দ্রভাগের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং আশপাশের উপজেলাগুলোতেও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি নগরগুলোকে সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা, নালানর্দমা নিয়মিত পরিষ্কার করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিকল্পিত উপশহর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের ওপর চাপ কমবে। একই সঙ্গে ভবিষ্যতের নগর ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই হবে।

পূর্ববর্তী নিবন্ধটানা বৃষ্টিতেও নগরীতে জলাবদ্ধতা হয়নি : মেয়র
পরবর্তী নিবন্ধতালিকা ৩ বছর আগের, নেই অভিযান