খাগড়াছড়ি সরকারি কলেজে স্থপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃর্ত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. রনিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে দাহ্য তরল পদার্থ ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে।
খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশ প্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুইজন যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে। তার একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, গতকাল রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনো এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর এ ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে আমরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. রনিকে গ্রেপ্তার করেছি। সে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মনিরের বড় ভাই। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।












