মাদক, কিশোর গ্যাং এবং গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আফসারুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলমগীর আলমের সঞ্চালনায় নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পুল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, চট্টগ্রামকে কোনোভাবেই মাদক কারবারি, কিশোর গ্যাং কিংবা অপরাধী চক্রের অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া হবে না। যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আপসহীন। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সমাজের প্রতিটি স্তরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মাদকের বিস্তার সমাজে অপরাধপ্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এর সঙ্গে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা যুক্ত হয়ে জননিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। মাদকের ছোবলে বিবেক ও মূল্যবোধ ধ্বংস হওয়ায় খুন, ধর্ষণ, ছিনতাই ও সহিংসতার মতো অপরাধ বেড়েই চলেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপটি, মহানগর বিএনপির সাবেক সহ–সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, ছাবের আহমদ, সাইফুল আলম, এম এ গফুর বাবুল, হাজী শফিউল্লাহ, সেলিম বাঙালি, খুরশিদ আলম, মো. ফারুক, মজিবুল হক, ফখরুল হাসান রাজু, কামাল উদ্দিন, মনজুর আলম মঞ্জু, মিজানুর রহমান মোস্তফা, আব্দুর রহিম, মোহাম্মদ লোকমান, ইদ্রিস মিয়া, জহুর আহমেদ, নুরুল আজিম, আব্দুর রহমান, আলাউদ্দিনসহ হালিশহর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












