হাটহাজারীতে আমন মৌসুমে ১৯শ কৃষককে আমন প্রণোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের কৃষি কাজে আগ্রহী করে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।
জানা যায়, হাটহাজারীর ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১টি ওয়ার্ড নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উন্নয়নের জন্য কাজ করে। এসব ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডে এবার আমন মৌসুমে ১৯শ কৃষককে আমন প্রণোদনা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রণোদনা বিতরণের জন্য কৃষি বিভাগ সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে যাচাই বাচাই করে প্রকৃত কৃষকদের নাম সংগ্রহ করেছে। আমন প্রণোদনায় একজন কৃষককে উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। তাছাড়া সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ উদ্যোগকে সফল করতে কৃষক ও কৃষি পরিবারের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করার ও উদ্যোগ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাছাড়া আগামী শীত মৌসুমে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৩ হাজার ৭শ ২০ জন প্রকৃত কৃষকদের নাম নিয়মানুসারে যাচাই বাচাই করে তালিকাভুক্ত করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন জানান, সম্প্রতি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমন কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন।










