হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মোবারক আলী তালুকদার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর একটার দিকে উল্লেখিত বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশে পাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। এতে পার্শ্ববর্তী বেশকিছু বাড়িঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই ওই বাড়ির মামুন, রিয়াজ, মো.আমানউল্লাহ, মো.আসিফ, শহিদ ও নজরুলসহ ছয় জনের বিভিন্ন পরিমাপের ২ টি সেমিপাকা, ২ টি কাচা ও ১ টি রান্নাঘর এবং ১ টি টয়লেটে আগুন লাগলে বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। এদিকে খবর পেয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশে দুর্গত পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষনাৎ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ।









