টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক-ইয়াসির

জিম্বাবুয়েতেও অধিনায়ক হৃদয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টিটোয়েন্টি সিরিজে খেলতে না পারা লিটন কুমার দাস থাকছেন না জিম্বাবুয়ে সফরে টিটোয়েন্টিতেও। তবে এবার কারণটা ভিন্ন। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের টিটোয়েন্টি অধিনায়ক। তার বদলে আবার দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। লিটনের মতো এলপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাওয়ায় জিম্বাবুয়েতে থাকছেন না তাসকিন আহমেদও। দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও সৌম্য সরকার। ওয়ানডের পর টিটোয়েন্টি দলেও ফিরেছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ টিটোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ফিরলেন এই অলরাউন্ডার। ওই বিশ্বকাপের পর দলে ফিরলেন ইয়াসির আলি চৌধুরীও। টিটোয়েন্টিতে এই দুজনের ফেরা একটু চমকই। ইয়াসির গত বিপিএলে ৪ ইনিংস ব্যাট করে রান করেছিলেন মোট ৫১, স্ট্রাইক রেট ছিল মোটে ৯৮.০৭। জাতীয় লিগ টিটোয়েন্টিতে মোসাদ্দেক ৫৮.৬৬ গড় ও ১৬০ স্ট্রাইক রেটে করেছিলেন ১৭৬ রান। ওভারপ্রতি ৭.৩৫ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৬টি। তবে বিপিএলে তার পারফরম্যান্স বরাবরই নাজুক। উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৮.৩০ রান দিয়ে ৮টি। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, মূলত শামীম হোসেনের বাজে ফর্মই মোসাদ্দেকের ফেরার দুয়ার খুলে দিয়েছে। ইয়াসিরকেও ফেরানো হয়েছে পাঁচছয়সাত নম্বরে বড় শট খেলার মতো একজন ব্যাটসম্যানের খোঁজে। শামীমের বাদ পড়া নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে সামান্যই। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রান ছিল ১, , ও ০। এর আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ২০ বলে ৩১ করলেও আরেকটিতে করেছিলেন ৩। এর আগের তিন টিটোয়েন্টিতে তার রান ছিল ১,১ ও ০। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে লিটনের পরিবর্তে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য। দুই ম্যাচ খেলে আউট হন ১৫ ও ১৭ রানে। এছাড়াও ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার বিরতি অবশ্য লম্বা সময়ের ছিল না। গত সিরিজে না থাকলেও আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। জিম্বাবুয়েতে তিন ম্যাচের সিরিজের ম্যাচগুলি আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়ায়োতে। লিটন ও তাসকিন ছাড়া এলপিএলে সুযোগ পাওয়া অন্যরা সেই লিগে খেলতে যাবেন জিম্বাবুয়ে সফরের পর। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু ১৭ জুলাই । বাংলাদেশ টিটোয়েন্টি দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ সাইফ উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে নিহত ৩
পরবর্তী নিবন্ধ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর