আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১১ দলীয় ঐক্যের মতই আলাদাভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার দুপুরে দলের কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। খবর বিডিনিউজের।
জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি শুরু হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় দিন থেকে। কর্মসূচির মধ্যে রয়েছে– ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬ জুলাই ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা। ১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান করবে জামায়াত। ১ আগস্ট সারা দেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিল, ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানীসহ সারা দেশে সমাবেশ ও মিছিল হবে।
এ ছাড়া জামায়াতের মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে আরো কর্মসূচি পালিত হবে বলে জানান গোলাম পরওয়ার।
জুলাই স্মরণে এর আগে গত ২৫ জুন ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। জামায়াত জোটের ওই কর্মসূচি শুরু হচ্ছে জুলাই মাসের প্রথম দিন থেকে।











