২৩০ রানে পিছিয়ে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

তাইজুলের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ১৪০ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে দ্বিতীয় দিনের শেষ দুই সেশনে বল হাতে লড়াইয়ে ফেরে সফরকারীরা। পেসারদের ছাপিয়ে সেই লড়াইয়ের নায়ক হলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বিদেশের মাটিতে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৪১০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তবে ততক্ষণে ২৭০ রানের বড় লিড তুলে নেয় স্বাগতিকরা। তবে জিম্বাবুয়ের রানের পাহাড়ে চড়তে গিয়ে শেষ বিকালে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পঞ্চম ওভারে রিচার্ড এনগারাভার বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ১১ বলে ৯ রান করে ফেরেন সাদমান ইসলাম। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪০ রান। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ১৬ রানে অপরাজিত আছেন।প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তৃতীয় দিন শুরু করবে ২৩০ রানে পিছিয়ে থেকে। ইনিংস ব্যবধানের হার এড়াতে হলে তৃতীয় দিনে ব্যাটারদের বড় জুটি গড়ার বিকল্প নেই। বাংলাদেশের জন্য ম্যাচটি কার্যত কঠিন হয়ে গেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের তোপের মুখে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয়। মুমিনুল হক একাই খেলেন সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি (১৪০) এবং ব্রায়ান বেনেট (৫৯), ক্রেইগ আরভিন (৬০) ও ওয়েসলি মাধেভেরের অপরাজিত ৭৭ রানের ওপর ভর করে ৪১০ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। ১৩৭ রান খরচায় ৭ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে একাই বোলিং আক্রমণের নেতৃত্ব দেন তাইজুল। খালেদ আহমেদ নেন দুটি উইকেট।

পেস সহায়ক উইকেটে নিজেদের ছাপ রাখতে পারেননি বাংলাদেশ। তবে দলের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। সবুজ ঘাসে মোড়া, পেসারবান্ধব উইকেটেও দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। সেই সঙ্গে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক রেকর্ডে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের কীর্তি এখন তাইজুলের দখলে। বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার পাঁচ উইকেট ছিল পাঁচবার। মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন তিনবার করে। শুধু পাঁচ উইকেটই নয়, হারারেতে ৭ উইকেট নিয়ে দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তাইজুল। তার ৭ উইকেটে ১৩৮ রান এখন বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের সেরা ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৬ উইকেটে ৩৩ রান। তালিকার তৃতীয় স্থানে আছেন ইবাদত হোসেন, নিউজিল্যান্ডের বিপক্ষে যার বোলিং ফিগার ছিল ৬ উইকেটে ৪৬ রান। টেস্টে ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তিও এখন তিনবার গড়েছেন তাইজুল।

বাংলাদেশের ইতিহাসে আর কোনো বোলার একাধিকবার এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের প্রত্যেকের ঝুলিতে রয়েছে একটি করে সাত উইকেট। এছাড়া টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ডেও এখন সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন তাইজুল। দুজনেরই এখন ১৯টি করে পাঁচ উইকেট শিকার রয়েছে। তবে এই মাইলফলকে পৌঁছাতে তাইজুল খেলেছেন ১০৭ ইনিংস, যেখানে সাকিবের লেগেছে ১২১ ইনিংস। তালিকার তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ, তার পাঁচ উইকেট রয়েছে ১৪ বার।

পূর্ববর্তী নিবন্ধহালান্ডকে রুখে দিতে চায় আইভরি কোস্ট
পরবর্তী নিবন্ধশোক কাটিয়ে নায়ক ইউস্তাকিও