মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান কেন অসাংবিধানিক হবে না,

হাই কোর্টের রুল

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৪:৫৮ পূর্বাহ্ণ

কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার আইনি বিধান নিয়ে রুল জারি করেছে হাই কোর্ট। মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিতকরণ সংবিধান পরিপন্থি কেন ঘোষণা করা হবে না এবং কেন তা অসাংবিধানিক ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি খাতের কর্মজীবী নারীর জন্য সমান মাতৃত্বকালীন ছুটি সীমিত করা কেন অসাংবিধানিক হবে না জানতে চেয়েছে উচ্চ আদালত।

মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এই রুল জারি করে। গত ১৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিট মামলা দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়। খবর বিডিনিউজের।

শুনানি শেষে আইনজীবী ইশরাত হাসান বলেন, দেশের সকল কর্মজীবী যারা নারী আছেন তাদের জন্য বৈষম্যহীন ও সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করার জন্য আমরা এই রিট পিটিশনটা ফাইল করি।

শ্রম আইনের যে সংশ্লিষ্ট ধারা ও বাংলাদেশ সার্ভিস রুলস অর্থাৎ যার মাধ্যমে সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পরিচালিত হন, সেটার সংশ্লিষ্ট বিধি চ্যালেঞ্জ করে তিনি এই রিট মামলা করেছেন। শ্রম আইনের সে ধারায় বলা হয়েছে, যে কোনো নারী মাতৃত্বকালীন সুবিধা পাবেন না, ছুটি পাবেন না, যদি না তিনি তার সন্তান প্রসবের পূর্বে ন্যূনতম ছয় মাস সেই প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। অর্থাৎ ছয় মাস সময়ের কম সময় কাজ করলে কোনো নারী কোনো প্রতিষ্ঠান থেকে মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী হবেন না। সেটা তার প্রথম সন্তান হোক, দ্বিতীয় সন্তান হোক কিংবা তৃতীয় সন্তান হোক। একই সঙ্গে বলা হয়েছে যে যদি তার সন্তান প্রসবের সময় দুই বা তৃতীয় সন্তান জীবিত থাকে, তাহলে তৃতীয় সন্তানের ক্ষেত্রে কোনো ছুটিই পাবেন না। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ছুটি পাবেন যদি ছয় মাস কাজ করে থাকেন। আর ছয় মাসের আগে যদি কোনো প্রতিষ্ঠান তাকে বের করে দেয় বা কোনো প্রতিষ্ঠানে যদি কাজ করার ছয় মাস পূর্ণ না হয়, তাহলে তিনি প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো ধরনের মাতৃত্বকালীন ছুটি পাবেন না। তৃতীয় সন্তানের সময় তিনি কোনো ছুটিই পাবেন না।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় পুকুরে ভাসছিল নিখোঁজ বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধপুরোনো মালিকদের ব্যাংকে ফেরার বিতর্কিত ধারা বাতিল