ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট সদরের সানমুন ক্লাবসংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ পিতা–পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মোহাম্মদ আজম ও তার ছেলে ফাহিম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিবিরহাটের সানমুন ক্লাব এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় মাদক কেনাবেচার সময় হাতেনাতে পিতা–পুত্রকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।










