আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন, না হয় রাস্তা খুঁজুন

সরকারকে বিরোধীদলীয় নেতার হুঁশিয়ারি

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারলে বিএনপিকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছিহয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর দিনে গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বিজয়নগরে এক সমাবেশে জামায়াত আমির বক্তব্য রাখছিলেন। খবর বিডিনিউজের।

বিএনপি হত্যা, গুমের বিচার চেয়েছিল তুলে ধরে জামায়াত নেতা বলেন, নির্বাচনের সময় তারা বলেছিলেন নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলার বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে, বিচার তো তারা করছেই না বরঞ্চ আপনারা শুনেছেন চার মাসে ছয়শতের অধিক মানুষ বাংলার মাটিতে নির্মমভাবে খুন হয়েছে। নিজেদের হাতেই ‘নিজেদের কর্মী খুন হয়েছে’ দাবি করে শফিকুর রহমান বলেন, নিজেদের কর্মীদের জন্য যাদের দায় ও দরদ থাকে না, তাহলে ২০ কোটি মানুষের জন্য কী দায় ও দরদ থাকবে? ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের লোক বসানোসহ প্রশাসনকে দলীয়করণের অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, এমনকি তারা খেলার মাঠটা পর্যন্ত পরিষ্কার রাখতে পারলেন না। পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয়ই সেখানে প্রতিবাদ করছি। পাঁচটি বছর সময় কীভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, দেশ ও জনগণও জানে। দুই তৃতীয়াংশ ভোট কীভাবে পেয়েছেন, এই ব্যাপারে রাজসাক্ষী ইতোমধ্যে পাওয়া গেছে; আপনাদের দলের ভেতর থেকেও পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবমজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানী করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় (বিজয়নগর কালভার্ট রোড) আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শহিদ ওসমানকে হত্যা করা হয়েছে। যার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন স্বার্থকে আড়াল করার জন্য এটা করা হচ্ছেজনগণ জানতে চায়।

আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার’ বিচারের দাবিতে আয়োজিত সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

গাইবান্ধায় ছাত্রশিবিরের একজন তরুণ নেতাকে গলা কেটে স্পষ্ট দিবালোকে ফ্যাসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেননির্মূল করবেন। অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন, তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছেন।

জামায়াত আমির বলেন, নির্মূল, নির্মূল বেশি করবেন না। এটা এক ধরনের ভাইরাস। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাসএই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খাদে মিনিবাস
পরবর্তী নিবন্ধসড়ক খুঁড়ে ফেলা রাখা হয়েছে, কালভার্ট অসম্পূর্ণ