কেন্দ্রঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চবি ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার শহীদ ফরহাদ হোসেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের প্রতিটি জনশক্তিকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানানো হয়।
জুন মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন মৌসুমি ফলদ গাছের চারা রোপণ করে। পাশাপাশি রোপণ করা গাছগুলো বড় না হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, ছাত্রশিবির প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সবাইকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস. এম. ফরহাদ বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রত্যেক জনশক্তি তার সক্ষমতা অনুযায়ী গাছ রোপণ করবে। অনেক থানা শাখা বাগান করছে, আবার অনেকে ছাদবাগানও গড়ে তুলেছে। আমরা তাদের পুরস্কৃত করে থাকি। তিনি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।












