বিশ্বকাপে কেপ ভার্দের দারুণ অভিষেকের নায়কদের একজন ভোজিনিয়া আক্ষেপ করে বলছিলেন, ভিসার জন্য অর্থ জোগাড় করতে না পারায় যুক্তরাষ্ট্রে আসতে পারেননি তার মা। এ নিয়ে প্রবল আলোচনা–সমালোচনা হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, ভোজিনিয়ার মায়ের ভিসা নিয়ে কাজ করছেন তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে গত সোমবার বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। লক্ষ্যে থাকা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের আটটি শটই ঠেকিয়ে দিয়ে ক্যারিবিয়ান দেশটির দারুণ অর্জনের নায়ক ভজিনিয়া। পরে তিনিই জানান, ভিসা না থাকায় যুক্তরাষ্ট্রে আসতে পারেননি তার মা। ‘ভিসার জন্য যে অর্থ দিতে হয়, সেটা জোগাড় করতে না পারায় উনি এখানে আসতে পারেননি। আমরা যথা সময়ে ওই পরিমাণ অর্থের ব্যবস্থা করতে পারিনি, তিনি এখানে থাকলে আমার ভালো লাগত।’ ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য ১৫ হাজার ডলারের বন্ড দিতে হয় যে ৫০টি দেশের, এর একটি কেপ ভার্দ। ভোজিনিয়ার মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পরারাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, উনার ভিসার অনুরোধের কোনো রেকর্ড তাদের কাছে নেই। তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পরিবারের সদস্যদের জন্য ওই বন্ড দেওয়ার প্রয়োজন নেই। একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন বলেছে, ভোজিনিয়ার মায়ের এখন কার্যকর পাসপোর্ট নেই এবং পাসপোর্ট পাওয়ার কাজ চলছে।












