কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী সিএনজি টেক্সি ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল সোমবার সকাল ৮টার দিকে উপজেলার টইটং বাজার এলাকায় এবিসি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন পেকুয়া উপজেলার হরিণাপাড়া এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২), নিহত হাসান আলীর স্বজন পাখি বেগম (৫৫) এবং রামিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়া চৌমুহনী থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী সিএনজি টেক্সি টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেঙিটি দুমড়ে–মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও টেঙি জব্দ করে থানায় নিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানায় নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












