চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়নের মাধ্যমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি শাহীনুর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডবলমুরিং থানার বর্তমান ওসি জামাল উদ্দিন খানকে সিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিএসবি) ইউনিটে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার। এদিকে চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদকে ডিবি–দক্ষিণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। চান্দগাঁও থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডিবি–দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।
রদবদলের মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে খুলশী থানায়। বাকলিয়া থানা থেকে বদলি হয়ে গতকাল সোমবার খুলশী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ সোলাইমান। তবে দায়িত্ব নেওয়ার দিনেই তাকে ওই পদ থেকে সরিয়ে সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে।
সিএমপির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিভিন্ন থানার কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে এই রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।











