চকরিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কঙবাজারের চকরিয়ায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড প্রদর্শনের দাবি জানিয়েছেন। এ সময় বক্তারা শিশুশ্রম প্রতিরোধে শক্তিশালী আইন ও নীতিমালা প্রণয়ন করা, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করা, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে নেওয়া, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণ কাজ শিশুদের জন্য নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করতে হবে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া আয়োজিত মানববন্ধনে উপরোক্ত দাবিসমূহ তুলে ধরা হয়। গতকাল রোববার পৌরশহর চিরিঙ্গায় চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উক্ত মানববন্ধন পালিত হয়। এ সময় সংশ্লিষ্ট অংশীজনদের জন্য টিআইবি প্রদত্ত বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য ছাড়াও সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোক অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীল, সঞ্চালনা করেন সদস্যসচিব জামাল সাকিব।টিআইবি’র ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস সহদলনেতা পুস্পিতা চৌধুরী। বক্তব্য রাখেন বুলবুল জান্নাত শাহীন, বশির আহমেদ, রবিউল হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন মোহাব্বত চৌধুরী, নাসরিন সুলতানা, মো. রিয়াদ উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি পাঁচলাইশ শাখার শানে সিরিকোট কনফারেন্স
পরবর্তী নিবন্ধচাকসুর লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা