চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ গতকাল রোববার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন উপ–উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেক সময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।
সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব পার্টিসিপেশন, নেটওয়ার্কিং অপরচুনিটি, কুইজ কম্পিটিশন এবং বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আইনি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ কবির হোসাইন, চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল আবেদীন, অ্যাডভোকেট এ. কে. করিম, অ্যাডভোকেট আবদুল্লাহ আল গালিব, অ্যাডভোকেট এ.বি.এম. ওমর আলী, অ্যাডভোকেট আবু হানিফ।শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












