জীবনের হিসাব মেলানো কি খুব সহজ? হয়তো, হয়তোবা না। জীবনের সমীকরণ কেউ কি কখনও সঠিক ভাবে মিলাতে পারে? যা চাই তা পাই না যা পাই তা চাই না।এইযে প্রাপ্তি অপ্রাপ্তির ফাঁদে পড়ে জীবন ক্রমশঃ কঠিন ও জটিল হয়ে পড়ে। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কাকে ছেড়ে কাকে চায়? রবি ঠাকুর মানুষের মনের এমন কোন স্থান নেই যেখানে তিনি অনায়েসে সেই অনুভূতির জায়গায় চলে গেছেন। আসলে মানুষ কী চায় তা সে নিজেও বোঝে না। তাই মানুষের প্রথম দ্বন্দ্ব তার নিজের সাথে। তারপর আসে পারিপার্শ্বিক অবস্থান। এই অবস্থানে কেউ স্বর্গের ঠিকানা পেয়ে হাঁটে কেউ আজন্ম পথিক হয়ে খুঁজে বেড়ায় স্বর্গের ঠিকানা। জীবন বড়ই বৈচিত্র্যময় কখন কাকে কোথায় দাঁড় করায় তা কল্পনারও অধিক। যে মানুষটা স্বজনদের মাঝে নিজেকে আষ্টেপৃষ্টে বেঁধে বাঁচতে চায়। একদিন সে তাদের থেকেই যোজন যোজন দূরত্বে চলে যায় বেঁচে থাকার তাগিদে। আবার একই ছাদের নিচে থেকে পরস্পর হয়ে যায় অচেনারও অধিক। জীবনের এই সমীকরণ যতো জটিল ততই মারাত্মক।
জীবনানন্দ দাশ তাই লিখেছেন কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? মানুষ এমন এক প্রাণী কখনও বোঝে না কখন তার হৃদয় ঘুন পোকার দখলে চলে যায়। চলার পথে মানুষের সাথে কতো মানুষের দেখা হয় কথা হয় তবু মানুষ বিশ্বস্ত কাউকে খুঁজে পায় না কারণ তার অন্তর্দৃষ্টিতে কারো কাছে হয়তো আশ্রিত হবার বিশ্বাসের অভাব। ভালো মন্দ মিলিয়ে পৃথিবী, সবাই ভালো না আবার সবাই খারাপও না। মানুষের মন একবার শূন্য হলে পূর্ণতার আশ্বাস নিয়ে কেউ আসলেও তাকে ফিরিয়ে দিতে দুবার ভাবে না। একাকীত্বের যন্ত্রণায় দ্বগ্ধ মন নিজেকে আরো দ্গ্ধ করে। না দেখা আগুনে তীলে তীলে শেষ হবে তবু কারো কাছে নত হয় না। মানুষ আসলে এমনই। চাওয়ার সাথে পাওয়াটা মিলাতে পারে না। একজোড়া বিশ্বস্ত হাত মমতা জড়ানো চোখ কখনও কখনও বিস্বাদ লাগে। এরা নিজেকে গুটিয়ে রাখে শামুকের খোলসে। সেখান থেকে বের হবার মানসিকতা হারায়। এরা নিজেকে লৌহমানব হিসেবে দেখতেই ভালোবাসে। লোহাকে তবু আগুনে পুড়িয়ে ছাঁচে ফেলানো যায় আর কিন্তু ইগো বহন করা মানুষ কোন ছাঁচেই বসতে পারে না। আসলে মানুষ তার নিজেকেও চিনতে বুঝতে ভুল করে। বোঝে না এই ইগোই তার জীবনের বড় শত্রু। একটু নমনীয়তা নিজের সাথে একটু বোঝাপড়ায় এই মানুষই হয়তো হতে পারে রাজাধিরাজ। মনের চেয়ে বড় সিংহাসন আর কিছু নেই। মনের মূল্যতো মন দিয়েই দিতে হবে। মন পাথর হলে কার–বা সাধ্য সেখানে ফুল ফোটায়?











