বোয়ালখালীতে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা একই পরিবারের তিন সদস্য অক্ষত রয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে গাড়ির চালক আহত হন। তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গাড়িটিতে পাঁচ মাস বয়সী শিশুসন্তানসহ এক দম্পতি ছিলেন। তারা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বোয়ালখালী থানার এএসআই মতিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তারা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে।












