চবি হীরকজয়ন্তীর মঞ্চ মাতাবেন জেমস

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছরপূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসবের সাংস্কৃতিক পর্বে বাড়তি উন্মাদনা ছড়াবেন নগর বাউলখ্যাত জনপ্রিয় শিল্পী জেমস। তাঁর গান শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সংগীতপ্রেমীরা।

গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস।

এ ছাড়া, থাকবে সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। আগামী ১৮ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী।

বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের পথচলা, অর্জন ও স্মৃতিকে ঘিরে দিনব্যাপী এ আয়োজনে থাকবে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মেলা ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার কয়েকটি স্টলে তুলে ধরা হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন। উৎসবের সাংস্কৃতিক পর্বে জেমসের পরিবেশনার পাশাপাশি সংগীত ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনাও আয়োজনকে প্রাণবন্ত করে তুলবে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় হীরকজয়ন্তী হয়ে উঠবে স্মৃতি, আবেগ ও আনন্দের এক বিশেষ উপলক্ষ।

এদিকে, অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধকাট্টলী সিটি কর্পো’ বালিকা বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিস্থাপন