নির্বাচন পরবর্তী নির্ধারিত পাঁচ বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মহেশখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ চূড়ান্ত করা হয়। ইউনিয়নগুলো হল শাপলাপুর, হোয়ানক, মাতারবাড়ি ও কুতুবজোম ইউনিয়ন পরিষদ।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জেলা প্রশাসকের সুপারিশক্রমে নিয়োগ চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদে সাবেক ইউপি সদস্য মো. আব্দুল করিম, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদে সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দিন মজিদী, কুতুবজোম ইউনিয়ন পরিষদে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও শাপলাপুর ইউনিয়ন পরিষদে সাবেক ইউপি সদস্য গোলাম কাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ১৮(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার লক্ষ্যে উল্লেখিত ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।












