হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আবদুল করিম প্রকাশ সাবু (২৮) নামের এক ছাত্রলীগ সদস্যকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবদুল করিম সাবু ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ চৌমুহনী বাজার এলাকার আবদুল গফুরের পুত্র। সে ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্র লীগের সদস্য। পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নেওয়ায় সাবুর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার উপপরিদর্শক রূপন নাথ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হাবিবের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আবদুল করিম প্রকাশ সাবুকে সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুর রহমান গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।












