বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ২ নম্বর ক্যাটেগরিতে ৭৪ ভোটের মধ্যে ৭৩টিই পেয়েছেন তামিম ইকবাল। সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিও নির্বাচিত হন তিনি। ৩৭ বছর বয়সী সাবেক এই অধিনায়ক বিসিবির ২১তম সভাপতি। দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সবচেয়ে কম বয়সী প্রধানও তিনিই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ–সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিন্হা। গঠনতন্ত্র অনুযায়ী সহ–সভাপতি থাকার কথা দুজন। তবে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, বোর্ড পরিচালকদের সম্মতিতে আপাতত একজনই সহ–সভাপতি রাখা হচ্ছে। ভবিষ্যতে নির্বাচন করা হতে পারে আরেকজন। খবর বিডিনিউজের।
মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালক পদে ভোটগ্রহণ হয়। নির্বাচনে লড়াইয়ের আবহ অবশ্য খুব বেশি ছিল না। ৮ জন পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছিলেন ভোটের আগেই। তাদের মধ্যে ৭ জনই ক্যাটেগরি–১ বা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি। ভোটের মূল লড়াই ছিল ক্যাটেগরি–২ বা ক্লাব প্রতিনিধিদের লড়াইয়ে। ১২টি পদের জন্য লড়াইয়ে ছিল ১৬ জন। এখানে ৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৪ জন। ৭৩টি পেয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল।
এছাড়াও এই ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), ফাহিম সিন্হা (আবাহনী লিমিটেড), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), মোঃ রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র) ও প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)।
ক্যাটেগরি–৩ তথা সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা থেকে একটি পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোঃ আলমগীর। নির্বাচিত ২৩ পরিচালকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুজন পরিচালকের নামও ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার। তারা হলেন শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।
পরিচালকদের ভোটে পরে সভাপতি নির্বাচন হওয়ার কথা। তবে তামিম একক প্রার্থী হওয়ায় নির্বাচনের প্রয়োজন পড়েনি।
আট মাসের মধ্যে বিসিবির দ্বিতীয় নির্বাচন এটি। ২০২৪ সালের ৫ অগাস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তামিমকে নিয়ে চারজন সভাপতি পেল দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংস্থাটি।
বিসিবির পরিচালনা পর্ষদে আছেন যারা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক, ভোটে জিতেছেন ১৫ জন।
বিসিবির পরিচালনা পর্ষদে আছেন যারা : ক্যাটেগরি–১ (আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি) ঢাকা বিভাগ থেকে– সাইদ বিন জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। সিলেট বিভাগ– আব্দুল কাইয়ুম চৌধুরি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। চট্টগ্রাম বিভাগ– মিনহাজুল আবেদীন নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)ও মঈন উদ্দিন চৌধুরি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। খুলনা বিভাগ শফিকুল আলম (১০ ভোট) ও শান্তুনু ইসলাম (১০ ভোট)। বরিশাল বিভাগ– মিজানুর রহমান (৫ ভোট)। রাজশাহী বিভাগ– মীর শাকরুল আলম সীমান্ত। রংপুর বিভাগ– মির্জা ফয়সল আমিন। ক্যাটেগরি–২ (ক্লাব প্রতিনিধি) : তামিম ইকবাল (৭৩ ভোট), ইসরাফিল খসরু (৭২ ভোট) ও সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট)।










