চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আনোয়ারার উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ কাজে ঠিকাদার কিংবা অন্য কোনো মহলের গাফিলতি সহ্য করা হবে না। সরকারের নির্ধারিত সিডিউল অনুযায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। এ ক্ষেত্রে কাজে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কালো রাত আনোয়ারার উপকূলীয় জনগণ কখনো ভুলতে পারবে না। সেইদিন আনোয়ারা উপকূলের হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং গৃহহীন হয়েছিল লক্ষাধিক মানুষ। এই স্মৃতি কখনো উপকূলীয় স্বজনহারা মানুষ ভুলতে পারবে না। সরকার উপকূলের মানুষের জানমাল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে মেগাপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইনশাল্লাহ, এ প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হলে দুর্যোগকালীন উপকূলের বাসিন্দারা সুরক্ষা পাবেন।
গত বৃহস্পতিবার দুপুরে উপকূলীয় রায়পুর ইউনিয়নে নির্মাণাধীন বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্প ও পারকি সৈকতের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান বেড়িবাঁধ নির্মাণ কাজে অনিয়ম করছে। অভিযোগের ভিত্তিতে এমপি নিজাম স্থানীয়দের বলেন, বেড়িবাঁধ এলাকাবাসীর সম্পদ, তাই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজে অনিয়ম বা অবহেলার করার কোনো সুযোগ নেই। কাজের মান শতভাগ নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভাগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












