বন্ধু কলেজ শিক্ষককে প্রশ্ন করলাম কিরে ভাই আপনারা শিক্ষার্থীদের কি চুরি বা দুর্নীতির শিক্ষা দিয়ে থাকেন। তিনি আমাকে পাল্টা প্রশ্ন করলেন এ প্রশ্ন করার কারণ কী। বললাম লেখা পড়া করে যারা চাকরি ব্যবসা বা অন্য কিছু জীবিকা অর্জনের মাধ্যম হিসাবে নিয়েছে তাদের নীতি নৈতিকতা সততা মানবতা শিক্ষার মৌলিক গুণাবলির বিপরীত ধর্মী কর্মকাণ্ড সর্বমহলে এ প্রশ্নটি ঘুরে ফিরছে। তিনি বললেন, আমরা শিক্ষা ঠিকই দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষা অনুশীলনের ক্ষেত্র হচ্ছে পরিবার ও সমাজ। আমরা শিক্ষার্থীকে আত্মবিশ্বাস আত্মোপলব্ধি আত্নোন্নয়ন নীতি নৈতিকতা, যা শেখাই পরিবার ও সমাজের সংস্পর্শে এসে এর বিপরীতমুখী পরিবেশ তাকে শেখা ও বাস্তবতার দ্বিধা দ্বন্দ্বে নিমজ্জিত করে নিজের শিক্ষণীয় বিষয়ের উপর অটল থাকা কঠিন হয়ে পড়ে। ভালো চরিত্র গঠনে অনুপ্রেরণামূলক অনুশীলন মূল্যবোধের আচরণ পারিবারিক ভাবে নেই বললে চলে। একজন শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে যা শিখে অর্জন করে পরিবার ও সমাজে যা সে প্রত্যক্ষ করে তা তার শিক্ষার সম্পূর্ণ বিপরীত যার কারণে শিক্ষার প্রভাবটা তার মন মস্তিষ্কে স্থায়ী হয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা ধারণ ও চর্চার জন্য সুন্দর সুষ্ঠু পরিবেশ অপরিহার্য যা আমরা কোথাও নিশ্চিত করতে পারিনি, কি পরিবার না সমাজ। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খারাপ কিছু শিখানো হয় না। মানুষ সৃষ্টিগতভাবে যে স্বভাব নিয়ে গড়ে ওঠে শিক্ষার মাধ্যমে তার মানবীয় গুণাবলিকে আরো সৃজন করে তাকে সুমানুষে পরিণত করতে সুশিক্ষার বিকল্প নেই। প্রত্যেক মানব সন্তানের প্রথম প্রধান শিক্ষার স্থান হচ্ছে পরিবার আর শিক্ষক হচ্ছেন মাতা পিতা। পরিবারের প্রত্যেক সদস্যের চরিত্র জীবন ব্যবস্থা একটি শিশুর চরিত্র গঠনের উপর নির্ভরশীল। শিশু অনুকরণ প্রিয় পরিবার বা আশপাশে সে যা দেখে যা শুনে তা তাকে প্রভাবিত করে তাই শিশুদের সামনে বড়দের অনেক খারাপ অভ্যাস ব্যবহার নেশা পেশা পরিহার বর্জন করে চলতে হয়। শিশুদের জন্য পরিবার পরিবেশ হচ্ছে দর্পণ শিশু কালের সব কিছু সে তার স্মৃতিতে ধারণ করে। পরিবারে পিতার আয়ের উৎস স্বভাব চরিত্র সন্তান প্রত্যক্ষভাবে দেখার জানার বুঝার সুযোগ রয়েছে। পিতা যখন ঘুষ দুর্নীতি চুরি অবৈধ আয় দ্বারা অর্থ বিত্ত সম্পদ অর্জন করে সেই সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যতই নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে থাকুক পারিবারিক পরিবেশে তাকে ঐ শিক্ষা থেকে বিচ্যুতি করতে ভূমিকা রাখে। পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্য সন্তানের মধ্যে ক্রিয়া করে, পিতার যাবতীয় অপকর্মের নেতিবাচক প্রভাব ভবিষ্যৎ স্বপ্ন বুননের বীজ সন্তান লালন করে ক্রমাগত সে পথে প্রতিষ্ঠিত হতে চেষ্টা করে। সুশিক্ষার জন্য শিক্ষিত না হোক কমপক্ষে নৈতিকতা চর্চা সম্পন্ন পরিবার ও সুষ্ঠু পরিবেশ অপরিহার্য। শিক্ষার্থীকে শিশুকাল থেকে নৈতিকতা শিক্ষায় অভ্যস্ত করার লক্ষ্যে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর নামে সেফ সেইলস সিস্টেম দোকান খোলার পরও কি বলতে পারব আমাদের চরিত্রে পরিবর্তন এসেছে বা আসবে নিজের আত্মশুদ্ধিই নৈতিকতার অধঃপতন থেকে মুক্তির একমাত্র অবলম্বন। সুশিক্ষার দর্পণ হচ্ছে পরিবার ও সমাজ, প্রাতিষ্ঠানিক শিক্ষা আনুষ্ঠানিকতা মাত্র।
লেখক : প্রাবন্ধিক











