শিশু ফুলের মতো সুন্দর এবং পবিত্র। সেই ছোট্ট ফুটফুটে কন্যাসন্তানদের ওপর সারা দেশব্যাপী শুরু হয়েছে নির্মম, নিষ্ঠুর, হৃদয়বিদারক, মর্মন্তুদ ধর্ষণের পাশাপাশি হত্যাকাণ্ডের মতো ঘটনা। সুন্দর পৃথিবীর আলো বাতাস পারিবারিক সৌহার্দ্য শিশুসুলভ সারল্য সহপাঠী বন্ধুদের সঙ্গে খেলাধুলাসহ সোনালী শৈশবের আনন্দ ফুর্তি কাঠানোর পাশপাশি মানুষের আন্তরিকতা আদর স্নেহ মায়া মমতা ভালবাসা পাওয়ার আগেই সম্মুখীন হতে হচ্ছে এক ভয়ঙ্কর ভীতিকর আতঙ্কের অন্ধকার জগতের পশু সমতুল্য পাষণ্ডদের হাতে ধর্ষণের ক্ষেত্র বিশেষে হত্যাকাণ্ডের। এসব ঘটে যাওয়া অহরহ ঘটনাগুলো মানব মনে রাগ দুঃখ ক্ষোভ বিক্ষোভ দ্রোহ বিদ্রোহের জন্ম দেয়। এমন অমানবিক নিষ্ঠুর মর্মন্তুদ ঘটনা কি সহজে মেনে নেয়া যায়? এতো ঘটনা ঘটছে কিন্তু রাষ্ট্র দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারছে না। রাষ্ট্রকে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে মাত্র ৩০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি সুনিশ্চিত করতে হবে। সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে পুলিশের তদন্ত কার্যক্রমকে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নির্মোহ, নিরপেক্ষ, স্বাধীন স্বচ্ছ এবং যেকোনো ধরনের নীতি নৈতিকতা থেকে বিবর্জিত থেকে আর্থিক, রাজনৈতিক, সামাজিক এবং বাহুবলের কাছে নতি স্বীকার না করে ন্যায় বিচারের স্বার্থে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অতি দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করতে হবে। সমাজের এই অবক্ষয় আর দুষ্ট ক্ষত নির্মূলে এবং মুলোৎপাঠনে এখনই মানবিকতা নৈতিকতা আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠিত করা খুবই জরুরি।











