যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি হবে : কিউবা

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজকানেল। খবর বাসসের।

একই সময়ে ওয়াশিংটন কিউবার প্রধান গোয়েন্দা সংস্থা ও দেশটির শীর্ষ নেতাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মিগেল দিয়াজকানেল সোমবার কিউবার আত্মরক্ষার অধিকার নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন। এর একদিন আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, হাভানা রাশিয়া ও ইরান থেকে ৩০০টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ব্যবহারের বিষয় বিবেচনা করছে। হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের কথা ভাবছে এমন জল্পনার মধ্যেই এ তথ্য সামনে এসেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, হাভানা পূর্ব কিউবার গুয়ানতানামো বেতে অবস্থিত মার্কিন ঘাঁটি, মার্কিন সামরিক জাহাজ ও সম্ভবত ফ্লোরিডাতেও ড্রোন হামলার পরিকল্পনা বিবেচনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দিয়াজকানেল আবারও বলেন, কিউবা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য কোনো হুমকি নয়। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে, তা অপরিমেয় পরিণতির রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি করবে। কিউবার কথিত হামলাকারী ড্রোন মজুতের বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

পূর্ববর্তী নিবন্ধস্পেনে গুলিবর্ষণের ঘটনায় নিহত ২, আহত ৪
পরবর্তী নিবন্ধট্রাম্পের পর এবার চীনে পুতিন