স্পেনে গুলিবর্ষণের ঘটনায় নিহত ২, আহত ৪

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর এল এহিদোতে গুলিবর্ষণের এক ঘটনায় অন্তত দুইজন নিহত ও আরও চারজন আহত হয়েছে। সোমবার রাতের ঘটনায় জড়িত আছে সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ। স্পেনের বিশেষে পুলিশ বাহিনী সিভিল গার্ডের মুখপাত্র জানিয়েছে, নিহত দুজন সন্দেহভাজন গুলিবর্ষণকারীর বাবামা। খবর বিডিনিউজের।

তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। স্থানীয় এল পাইস সংবাদপত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের বয়স ১৮ বছরের কম। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আলমেরিয়া শহরের নিকটবর্তী ছোট শহর এল এহিদোতে স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

আহতদের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন সন্দেহভাজনের সাত মাস বয়সী ছেলে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আহত অপর শিশুর বয়স দেড় বছর। আহতদের মধ্যে ৬০ বছর বয়সী এক ব্যক্তিও রয়েছে। সন্দেহভাজন প্রথমে পালিয়ে গিয়েছিল, পরে স্থানীয় থানায় আত্মসমর্পণ করে। কী কারণে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বনলতা এক্সপ্রেস’ এবার হোম স্ক্রিনে
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি হবে : কিউবা