চট্টগ্রামের প্রাণকেন্দ্রগুলোর মধ্যে বহদ্দারহাট অন্যতম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই এলাকার ব্যস্ত সড়ক ব্যবহার করে চলাচল করেন। স্কুল–কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ পথচারীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। অথচ এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় এখনো নিরাপদ পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই।
বহদ্দারহাট মোড় ও আশপাশের সড়কগুলোতে সারাক্ষণ যানবাহনের চাপ থাকে। দ্রুতগতির বাস, ট্রাক, টেম্পু ও অন্যান্য যানবাহনের ভিড়ে সাধারণ মানুষের নিরাপদে রাস্তা পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
একটি ফুটওভার ব্রিজ শুধু পারাপারের মাধ্যম নয়, এটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ব্যবস্থা। বহদ্দারহাট এলাকায় দ্রুত একটি আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে পথচারীদের ভোগান্তি কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।
তাই চসিক মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান, সাধারণ মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে বহদ্দারহাটে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক।
মোহাম্মদ রিমন
পশ্চিম ফরিদের পাড়া, চান্দঁগাও, চট্টগ্রাম।











